নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ -এ প্রকাশ্যে অস্ত্রের মুখে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) দুপুর প্রায় ৩টার দিকে পৌর এলাকার দাঁড়িপাতন ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, Islami Bank Bangladesh PLC-এর গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদ ও এজেন্ট ব্যাংকের প্রতিনিধি হাজী মোহাম্মদ আলী টাকাভর্তি ব্যাগ নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে পথরোধ করে। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ভুক্তভোগী হাজী মোহাম্মদ আলী জানান, “আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দাঁড়িপাতন এলাকায় পৌঁছার পর কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে আমাদের সিএনজির গতিরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরেছি,লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে ।


















