সুরমা পারের কথা ডেস্কঃ
হাদিকে গুলি করার দৃশ্য ও মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আজ গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক ও বর্তমানে ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় বসবাস করেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে শরিফ ওসমান হাদি রিকশাযোগে বাসায় ফেরার পথে বিজয়নগর ক্রসিং এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে ধরা হয়েছে।
আরও পড়ুন
হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক সম্পর্কে যা জানা গেল
তিনি আরও বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএর মাধ্যমে যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের নাম পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে ধরা হয়।র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হওয়ায় তিনি এই হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে রাজধানীতে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর অপারেশন শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।


















